জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ছাত্রদলের মহাসমাবেশে অংশ নিতে পল্লবীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের ঢল নামবে
রাজু আহমেদ | ৩ আগস্ট ২০২৫:
রাত পোহালে ৩ আগস্ট (রবিবার) রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঐতিহাসিক ছাত্র সমাবেশ। জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে আয়োজিত এই সমাবেশে দেশের বিভিন্ন এলাকা থেকে ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী অংশ নেবেন বলে জানা গেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক মীর ইমরান হোসেন মিথুন এক বিবৃতিতে বলেন, “রাত পোহালেই গণ-অভ্যুত্থানের সেই ঐতিহাসিক দিনে সবাইকে ছাত্রদলের ছাত্র সমাবেশে যোগ দিতে আহ্বান জানাই।” তিনি আরও জানান, পল্লবীসহ ঢাকা মহানগরের প্রতিটি থানা এবং ওয়ার্ড থেকে ছাত্রদলের বিশাল মিছিল শাহবাগে যোগ দেবে।
দলীয় সূত্রে জানা গেছে, ঢাকার পাশাপাশি সারাদেশের জেলা, উপজেলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ইউনিট থেকেও নেতাকর্মীরা সমাবেশে অংশ নিতে ইতোমধ্যেই রাজধানীতে আসতে শুরু করেছেন।
ছাত্রদল নেতারা জানান, সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে এবং জনগণের অধিকার আদায়ের আন্দোলনকে বেগবান করতেই এই ছাত্র সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমাবেশ সফল করতে ছাত্রদলের সর্বস্তরের নেতাকর্মীরা ইতোমধ্যেই মাঠে নেমে পড়েছেন এবং শাহবাগ এলাকাকে জনসমুদ্রে পরিণত করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন তারা।

















