ঢাকা মহানগর উত্তর যুবদলের আওতাধীন পল্লবী থানার ৬ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের বহিষ্কারাদেশ প্রত্যাহার
বাংলাদেশ একাত্তর : সংবদ
দীর্ঘদিনের সাজানো অভিযোগ ও পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্রের জাল ভেদ করে অবশেষে নির্দোষ প্রমাণিত হয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আওতাধীন পল্লবী থানার ৬ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল হোসেন রানা। তার বিরুদ্ধে জারি করা বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বীয় পদে বহাল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
দলীয় সূত্র জানায়, অতীতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি-আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে তাকে বহিষ্কার করা হলেও পরবর্তীতে আবেদনের প্রেক্ষিতে বিষয়টি পুনরায় যাচাই-বাছাই করা হয়। নিরপেক্ষ অনুসন্ধানে স্পষ্ট হয়, সংশ্লিষ্ট কোনো অপরাধের সঙ্গে তার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলার প্রশ্নে আপসহীন অবস্থানের কারণেই জামাল হোসেন রানাকে রাজনৈতিকভাবে টার্গেট করা হয়েছিল। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়, যা তদন্তে ভিত্তিহীন প্রমাণিত হয়েছে।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে জামাল হোসেন রানাকে তার পূর্বের দায়িত্বে পুনর্বহাল করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
রাজনৈতিক মহলের ধারণা, এই সিদ্ধান্ত শুধু একজন নেতার ন্যায়বিচার নিশ্চিত করেনি, বরং রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হবে।

















