বাণিজ্যিকীকরণ ও দখল ঠেকাতে মাঠ রক্ষা কমিটির উদ্যোগ-খোলামেলা সবুজ মাঠ ফেরানোর দাবিতে এলাকাবাসীর প্রত্যাশা
ঢাকা: ১২ ডিসেম্বর ২০২৫
রাজধানীর মিরপুর ১২/ডি এলাকার ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ দখল ও বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দাদের আন্দোলন এক নতুন মাত্রা পেয়েছে। এলাকাবাসীর দাবি, বহু বছর ধরে এই মাঠই ঈদ জামাত, ক্রীড়া, সামাজিক কার্যক্রম ও শিশুদের অবাধ খেলার একমাত্র উন্মুক্ত স্থান। কিন্তু সম্প্রতি মাঠের ভেতরে স্থায়ী অবকাঠামো নির্মাণ, বাউন্ডারি ওয়াল তোলা এবং বাণিজ্যিক স্টল বসানোর উদ্যোগে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মাঠ ঘিরে পরিকল্পিতভাবে দোকানপাট বসানোর চেষ্টা চলছে। এতে একদিকে যেমন শিশু-কিশোরদের খেলাধুলা বিঘ্নিত হচ্ছে, অন্যদিকে ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের পরিবেশও নষ্ট হচ্ছে। অভিযোগ রয়েছে, রাতের অন্ধকারে ট্রাকভর্তি ইট-বালু এনে গোপনে নির্মাণসামগ্রী মজুত করারও চেষ্টা হয়েছে।
মাঠ রক্ষা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে ‘উন্মুক্ত ১২/ডি ঈদগাহ মাঠ গ্রুপ’। তাদের পক্ষ থেকে জানানো হয়, মাঠ দখল ও বাণিজ্যিকীকরণ বন্ধ করতে না পারলে এলাকাবাসীর জন্য এটি বড় ধরনের ক্ষতি হয়ে দাঁড়াবে।
তারা চার দফা দাবি জানিয়েছেন,
১) মাঠে স্থায়ী নির্মাণ নিষিদ্ধ ঘোষণা করা,
২) সরকারি খাতের আওতায় মাঠের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করা,
৩) শিশু-কিশোরদের জন্য ক্রীড়া উপযোগী পরিবেশ তৈরি করা,
৪) স্থানীয়দের অংশগ্রহণে মাঠ ব্যবস্থাপনার স্বচ্ছ ও জবাবদিহিমূলক নীতিমালা প্রণয়ন।
এলাকাবাসীর অভিযোগ, মাঠের অবস্থানগত কারণে দখলদার চক্রের আগ্রহ বেশি, ফলে দীর্ঘদিন ধরেই এর ওপর অবৈধ দখলের হুমকি রয়েছে। তারা বলেন, “মাঠ মানুষের, দখলদারদের নয়”, এই স্লোগানেই সবাইকে ঐক্যবদ্ধ করা হচ্ছে।
স্থানীয়রা আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত হস্তক্ষেপ করে মাঠটিকে দখলমুক্ত, পরিচ্ছন্ন ও সবুজ ঈদগাহ মাঠ হিসেবে পুনরুদ্ধার করবে।


















