আশুলিয়ার আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি ফারুক গ্রেফতার
র্যাব-৪ ও র্যাব-৬ এর যৌথ অভিযানে যশোর থেকে আটক
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ একাত্তর,
ঢাকা জেলার আশুলিয়া থানার চাঞ্চল্যকর ও আলোচিত ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ ফারুক হোসেন (৪৪)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১২ মে ২০২৬) সন্ধ্যায় যশোর জেলার মনিরামপুর থানাধীন গাংলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন চাঞ্চল্যকর অপরাধের আসামিদের গ্রেফতারে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে বাহিনীটি।
এরই অংশ হিসেবে র্যাব-৪ ও র্যাব-৬ এর একটি যৌথ আভিযানিক দল তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে ফারুক হোসেনের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করে।
মামলার এজাহার ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম মৌসুমী হক (৩১) আশুলিয়ার বাইপাইল এলাকায় একটি ভাড়া বাসায় একা বসবাস করতেন। তার স্বামী গাজীপুরের একটি গার্মেন্টস প্রতিষ্ঠানে চাকরির কারণে অধিকাংশ সময় বাইরে থাকতেন। এ সুযোগে দীর্ঘদিন ধরে আসামি ফারুক হোসেন ভিকটিমকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দিয়ে আসছিল।
অভিযোগ অনুযায়ী, ১৪ এপ্রিল ২০২৪ তারিখে ভিকটিম বাসায় একা থাকাকালে ফারুক হোসেন জোরপূর্বক তার কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে কু-প্রস্তাব দেয়। ভিকটিম রাজি না হলে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। সামাজিক মানসম্মানের ভয়ে বিষয়টি দীর্ঘদিন গোপন রাখলেও পরবর্তীতে ভিকটিম নিজেই বাদী হয়ে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
ঘটনাটি প্রকাশের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মামলার পর থেকেই র্যাব আসামিকে গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


















