যৌতুক দাবি, শারীরিক নির্যাতন ও তালাক ছাড়াই একাধিক বিয়ের অভিযোগে বিহারের গোপালগঞ্জে পিন্টু বার্নওয়ালকে গ্রেপ্তার করেছে পুলিশ; অভিযোগ অস্বীকার করে ভিন্ন ব্যাখ্যা দিলেন অভিযুক্ত
বাংলাদেশ একাত্তর: সংবাদ
স্ত্রী রান্না করতেন না—এমন অভিযোগে তিন বছরে তিনটি বিয়ে করার অভিযোগে বিহারের গোপালগঞ্জ জেলার এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম পিন্টু বার্নওয়াল। প্রথম ও দ্বিতীয় স্ত্রী তার বিরুদ্ধে যৌতুক দাবি, শারীরিক নির্যাতন এবং আইনগত বিচ্ছেদ ছাড়াই একাধিক বিয়ে করার অভিযোগে পৃথক লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ জানায়, এসব অভিযোগের ভিত্তিতেই পিন্টুকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের ২ ডিসেম্বর পিন্টুর সঙ্গে প্রথম স্ত্রী খুশবু কুমারীর বিয়ে হয়। বিয়ের পর পারিবারিক কলহের জেরে খুশবুর পরিবার তিন লাখ টাকা, স্বর্ণালংকার ও গৃহস্থালির সামগ্রী যৌতুক হিসেবে দিতে বাধ্য হয় বলে অভিযোগ করা হয়। এরপরও খুশবুর ওপর শারীরিক নির্যাতন চালানো হয় এবং একপর্যায়ে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।
খুশবুর অভিযোগ, কোনো ধরনের তালাক না দিয়েই পিন্টু দ্বিতীয় ও পরে তৃতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর ঘরে ১০ মাসের এবং তৃতীয় স্ত্রীর ঘরে এক মাসের সন্তান রয়েছে বলেও জানান তিনি।
দ্বিতীয় স্ত্রী গুড়িয়া কুমারীও একই ধরনের অভিযোগ করে জানান, বিয়ের পর তার কাছ থেকে পাঁচ লাখ টাকা ও একটি গাড়ি দাবি করা হয়। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে তাকেও বাড়ি থেকে বের করে দেওয়া হয়। পরে তিনি জানতে পারেন, তাকে না জানিয়ে পিন্টু তৃতীয় বিয়ে করেছেন।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন পিন্টু বার্নওয়াল। তিনি দাবি করেন, যৌতুক নেওয়ার অভিযোগ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত।
তার ভাষ্য,
“আমার মা বয়স্ক ও অসুস্থ। প্রথম দুই স্ত্রী কেউই রান্না করত না। আমি ও আমার মা মিলেই তাদের খাওয়াতাম। বাধ্য হয়েই একাধিক বিয়ে করতে হয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, প্রথম স্ত্রী তার ও তার মাকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন।
ধর্ষণ ও নির্যাতনের অভিযোগকে তিনি “ভিত্তিহীন” বলে দাবি করেন।
এদিকে উভয় স্ত্রীই পিন্টু ও তার পরিবারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, আর্থিক লাভের উদ্দেশ্যে বারবার বিয়ে করে একাধিক নারীর জীবন নষ্ট করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: এনডিটিভি


















