নিজস্ব প্রতিবেদক: ১৮ অক্টোবর ২০২৫
রাজধানীর মিরপুরে সাংবাদিক মো. ইমরান খানকে স্থানীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। অনলাইন গণমাধ্যম দ্য নিউজে প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনের পর এ ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৭ অক্টোবর) রাতে পল্লবী এলাকার একটি চা দোকানে সাংবাদিক ইমরানের বাবাকে ডেকে নিয়ে হুমকি দেয় মোস্তাক আহমেদের নেতৃত্বাধীন স্থানীয় সন্ত্রাসীচক্র। ঘটনাটির পর ইমরান পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
প্রসঙ্গত, গত ১৬ অক্টোবর “বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা, বিতর্কিত মোস্তাকের ভাইরাল ভিডিওতে মিরপুরে তোলপাড়” শিরোনামে দ্য নিউজে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে স্থানীয় বিতর্কিত ব্যক্তি মোস্তাক আহমেদ ও তার পরিবারের অতীত কর্মকাণ্ড তুলে ধরা হয়। প্রতিবেদন প্রকাশের পর থেকে ইমরান খান ও তার পরিবারের প্রতি হুমকিমূলক আচরণ শুরু হয় বলে জানা গেছে।
ইমরান খান জানান, “মুশতাক ও তার ছেলেরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক, চাঁদাবাজি ও দখলবাজির সঙ্গে যুক্ত। অতীতে আমি তাদের হাতে হামলার শিকার হয়েছি। এবার তাদের অপকর্ম নিয়ে প্রতিবেদন প্রকাশের পর তারা ক্ষিপ্ত হয়ে বাবাকে ডেকে ভয় দেখায় এবং আমাকে মেরে ফেলার হুমকি দেয়।”
তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর এই চক্রের বিরুদ্ধে কেউ কথা বললেই হামলার শিকার হয়। এবারও তারা ঠিক সেই কাজটাই করছে। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তা দাবি করছি।”
ইমরানের বাবা সাদাকাত খান ফাক্কু বলেন, “শুক্রবার রাতে চা দোকানে বসে থাকা অবস্থায় ফাইয়াজ, রাজু, মিস্টার, ইমতিয়াজসহ অন্তত ৫০ জন এসে আমাকে ডেকে বলে, ‘আপনার ছেলে অনেক বেয়াদব সাংবাদিক হয়ে গেছে, সামলান নাহলে হারিয়ে ফেললে আফসোস করবেন।’ আমি প্রতিবাদ করলে তারা আরও ভয় দেখায়।”
এ বিষয়ে পল্লবী থানার তদন্ত কর্মকর্তা কাইয়ুম বলেন, আমি জানি “ঘটনার বিষয়ে জিডি নেয়া হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”
স্থানীয় সাংবাদিক সমাজ জানিয়েছে, এই ধরনের হুমকি সংবাদমাধ্যমের স্বাধীনতার জন্য গুরুতর হুমকি। তারা বলেছে, “সত্য প্রকাশের দায়িত্ব পালনে সাংবাদিকদের ভয়ভীতি দেখিয়ে থামানো যাবে না। আমরা চাই প্রশাসন অবিলম্বে এই ঘটনার তদন্ত করে অভিযুক্তদের বিচারের আওতায় আনুক।”
উল্লেখ্য, দ্য নিউজে প্রকাশিত ভাইরাল ভিডিওতে দেখা যায়, মোস্তাক আহমেদ হিন্দি গানে নারীদের সঙ্গে অশোভন আচরণ করছেন এবং আরেকটি ভিডিওতে ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহসভাপতি ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর মানিকের অফিসে বিএনপি ও জিয়া পরিবারকে নিয়ে কটূক্তি করতে দেখা যায়। ভিডিও দুটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।


















