একসময় পর্যটকদের আকর্ষণ হলেও এখন অনিয়ম, অব্যবস্থা ও নিরাপত্তাহীনতার আতঙ্কে কক্সবাজারের প্রাচীনতম পাঁচ তারকা হোটেল
কক্সবাজার প্রতিবেদক, প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫
প্রাইভেট বীচে খুন, আতঙ্কে পর্যটকরা
হোটেলটির নিজস্ব প্রাইভেট বীচে টিপু নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করার ঘটনায় কক্সবাজারে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা বলেন, গুলির শব্দে চারপাশে হুড়োহুড়ি শুরু হয়, পরে আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলেও তিনি বাঁচেননি। প্রশ্ন উঠেছে-পাঁচ তারকা হোটেলের সামনে যদি খুন হয়, তবে অতিথির নিরাপত্তা কোথায়?
নিরাপত্তাহীনতা ও অব্যবস্থাপনা
অভিযোগ রয়েছে, হোটেলে প্রবেশে কোনো তল্লাশি নেই, নিরাপত্তারক্ষীরা প্রায় অনুপস্থিত। বাইরের লোক সহজেই ঢুকে পড়ে, সুইমিং পুল ভাড়া নেয় বাইরের অতিথিরা।
অন্য হোটেল যেমন সায়মন বা ওশান প্যারাডাইস যেখানে কঠোর নিরাপত্তা মানে, সিগালে তার ছিটেফোঁটাও নেই।
অবহেলা ও গ্রাহক ভোগান্তি
অতিথিদের অভিযোগ— রুমে ময়লা চাদর, বাথরুমে কালো পানি, এসি বিকল, ওয়াই-ফাই দুর্বল।
খাবারে দুর্গন্ধ, স্টাফদের অশোভন আচরণ। কেউ কেউ জানান, অপ্রাপ্তবয়স্কদের ঘুষ নিয়ে রুম দেওয়া হয়, যা আইনবিরোধী।
পাঁচ তারকার’ আড়ালে অবৈধ কর্মকাণ্ড
স্থানীয়দের অভিযোগ, রাতে হোটেলের ভেতরে বসে অবৈধ আড্ডা, চলে অল্পবয়সীদের মেলামেশা।
একজন ব্যবসায়ী বলেন, “নামে পাঁচ তারকা, ভেতরে অব্যবস্থাপনার স্তূপ।”
সাংবাদিককে হুমকি
অনিয়ম বিষয়ে জানতে চাইলে মার্কেটিং ম্যানেজার সাজিত প্রথমে ‘ব্যবস্থা নেওয়া হচ্ছে’ বলেন, পরে প্রতিবেদককে প্রকাশ না করতে হুমকি দেন। তিনি বলেন, “নিউজ করলে মামলা দেব, দেখে নেব।” সাংবাদিক সমাজে এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
প্রশাসনিক নীরবতা ও রহস্যজনক ছত্রছায়া
স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, কার প্রভাবে এত দুঃসাহস পাচ্ছে সিগাল কর্তৃপক্ষ? দীর্ঘদিনের অনিয়ম, রাতের অবৈধ কর্মকাণ্ড ও প্রশাসনের নীরবতা-সবকিছুই ইঙ্গিত দেয় শক্তিশালী মহলের ছায়া রয়েছে তাদের পেছনে।
সরকারি জমি দখলের পুরনো অভিযোগ
২০১৪ ও ২০১৭ সালের প্রতিবেদনে প্রকাশিত হয়, হোটেল সিগাল কক্সবাজার সৈকতের সরকারি জমি অবৈধভাবে দখল করেছে। উচ্ছেদের পরও তারা প্রায় ২৫ কোটি টাকার জমি পুনর্দখল করে নেয়।
পর্যটন শিল্পে বিপদ সংকেত
বিশেষজ্ঞরা বলছেন, সিগালের মতো হোটেলগুলোর অব্যবস্থাপনা আন্তর্জাতিক পর্যটনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তাদের পরামর্শ, নিয়মিত পরিদর্শন ও কঠোর ব্যবস্থা ছাড়া এ অবস্থা থেকে উত্তরণ সম্ভব নয়।


















