নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত রাজু গাজীকে গ্রেফতার করেছে রূপনগর থানা পুলিশ। সোমবার (১২ মে ২০২৬) দিবাগত রাত আনুমানিক ৩:০০টা থেকে ৪:০০টার মধ্যে রূপনগর থানাধীন রোড-৩৯ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত রাজু গাজী (৩২) মৃত মজিবর গাজীর ছেলে। তার বাড়ি রূপনগর আবাসিক এলাকার রোড-৩৯ এ অবস্থিত বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তার, ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্নভাবে চাঁদাবাজির অভিযোগ ছিল রাজু গাজীর বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে পুলিশ নজরদারি বাড়ায় এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
রূপনগর থানা সূত্র জানায়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। পুলিশের দাবি, এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


















