প্রতিবেদক: রাজু আহমেদ
খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা এবং তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
শনিবার (২০ ডিসেম্বর) সকালে রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিং এলাকায় সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের হয়ে রৌপ্য পদক অর্জনকারী খই খই সাই মারমার হাতে আর্থিক অনুদান তুলে দেওয়ার সময় এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত ছিলেন।
আমিনুল হক বলেন, অনূর্ধ্ব–১৯ বালিকা চ্যাম্পিয়ন এবং মারমা জনগোষ্ঠীর সদস্য খই খই সাই মারমার মতো প্রতিভাবান খেলোয়াড়রা যেন সুযোগের অভাবে পিছিয়ে না পড়েন, সে জন্য বিএনপি সব সময় তাদের পাশে থাকবে। তিনি বলেন, “খই খই প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা তার পাশে থাকব।”
খেলাধুলা নিয়ে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা এবং খেলাধুলাকে একটি সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠা করা বিএনপির অন্যতম লক্ষ্য।
এ উদ্দেশ্যে ‘নিউ কুঁড়ি স্পোর্টস’ নামে একটি কর্মসূচির মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের শিক্ষা ও খেলাধুলার সব দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে বহনের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে খেলার মাঠের সংকট রয়েছে। যেখানে খালি জায়গা পাওয়া যাবে, সেখানে সরকারি উদ্যোগে খেলার উপযোগী মাঠ নির্মাণ করা হবে। তৃণমূল পর্যায়ে খেলাধুলার বিস্তারের মাধ্যমে খেলোয়াড়দের পেশাদারিত্ব নিশ্চিত করা এবং ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই বিএনপির লক্ষ্য।
খেলোয়াড়দের কর্মসংস্থান প্রসঙ্গে আমিনুল হক বলেন, বয়সসীমা থাকলে ক্রীড়া শিক্ষকের পদে সরকারি নিয়োগ দেওয়া হবে এবং বয়সসীমা না থাকলে চুক্তিভিত্তিক নিয়োগের ব্যবস্থা করা হবে। পাশাপাশি প্রতিটি উপজেলায় ক্রীড়া কর্মকর্তা এবং প্রতিটি স্কুলে বিষয়ভিত্তিক ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথাও জানান তিনি।
নারী ক্রীড়াবিদদের বিষয়ে তিনি বলেন, ছেলে ও মেয়েদের সমান সুযোগ নিশ্চিত করা এবং নারী ক্রীড়াবিদদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার। এর মাধ্যমে নারীদের সামাজিক মর্যাদা ও অংশগ্রহণ আরও জোরদার হবে বলে তিনি মন্তব্য করেন।
আমিনুল হক বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে খেলাধুলাভিত্তিক কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।


















